ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম গিরিরাজ পাল (১)। সে বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের ছেলে। অপর নিহত ব্যক্তি সাইদুর রহমান (২৪)। তিনি নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গিরিরাজ তার বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় (মৌলভীবাজার-থ-১২-৯৭২৪) করে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বড়চর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৬০৯১) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুসহ অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

গিরিরাজকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সাইদুর রহমান সিলেট হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। শিশুটির বাবা-মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।