হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি লাখাই থানার শরীফ আহমেদ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ। অক্টোবর ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে তাঁর এই অর্জন মূল্যায়ন করা হয়। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি হবিগঞ্জ পুলিশ লাইনস কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে ওসি শরীফ আহমেদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এই অর্জন শুধু ওসি শরীফ আহমেদের ব্যক্তিগত সাফল্যই নয়; বরং এটি লাখাই থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং পেশাদারত্বেরই বহিঃপ্রকাশ। এই স্বীকৃতির ফলে লাখাই থানার পুলিশ আরও বেশি উৎসাহ নিয়ে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।