রোগী ও চিকিৎসকদের নিরাপত্তায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ভর্তি ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন তারা। আনসার সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা ধ্রুব সেন জানান, সরকারের নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একজন প্লাটুন কমান্ডার (পিসি) এবং নয়জন সশস্ত্র আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা, রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

স্থানীয়দের মতে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আরও নিরাপদ পরিবেশে সেবা প্রদান করতে পারবেন এবং রোগীরাও স্বস্তির সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।