পরিবেশ সুরক্ষায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে থানা ভবন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান। এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে ওসি মো. আনিছুর রহমান বলেন, ‘গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষকে গাছ লাগানো ও পরিচর্যায় উৎসাহিত করতে চাই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।’

 

#রানিং সিলেট/ফাহাদ