নিখোঁজের দুইদিন পর ঢাকায় মিললো নবীগঞ্জ কলেজ অধ্যক্ষের লা*শ! 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম: বাড়ির উদ্দেশ্যে বের হয়ে দুই দিন পর হাসপাতালে পাওয়া গেল কলেজ অধ্যক্ষের মরদেহ। হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। রোববার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার শাহবাগ থানা পুলিশ তার মরদেহ সনাক্ত করে।

এর আগে অজ্ঞাত হিসেবে ফজলুর রহমানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়।

পরিবারের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় আশুগঞ্জের উদ্দেশ্যে নবীগঞ্জের বাসা থেকে বের হয়ে যান ফজলুর রহমান। সকাল ১১টার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নাই। আজ (রোববার) সকালে তার স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়। বিকালে ঢাকার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া গেছে।

এসআই আরও জানান, গত শুক্রবার সন্ধ্যা ৭টায় জহির নামে জনৈক ব্যক্তি ফজলুর রহমানকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থান মারা যান। ধারণা করা হচ্ছে, নেশা জাতীয় কোন কিছু দিয়ে তাকে অজ্ঞান করে সব কিছু লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। তবে ময়নাতদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

ওসি আরও জানান, মরদেহ আনার জন্য বিকালে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তারা ফেরত আসলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ফজলুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ কলেজ অধ্যক্ষ হিসেবে ২০২৩ সালের ডিসেম্বরে যোগদান করেন।