শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং শহরকে ফুটপাতমুক্ত রাখতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল শহরকে ফুটপাত দখলমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাটাচলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।