লাখাইয়ের কালীবাড়ি এলাকায় বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগ: ভোগান্তিতে দুই গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় কালীবাড়ি নামক স্থানে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পানি নিষ্কাশনের নালার কয়েকটি অংশ ভরাট করে দখলে নেওয়ায় নালার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই কারীবাড়ি এলাকায় রাস্তায় পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সরেজমিনে জানা যায়, করাব গ্রামের ভেতর দিয়ে রাঢ়িশাল-করাব উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এই রাস্তাটি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত। এটি করাব ও হুসেনপুর গ্রামের মানুষের অন্যতম প্রধান যোগাযোগপথ। প্রতিদিন এই পথ দিয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। স্থানীয়দের ভাষ্য, বিশেষ করে কালীবাড়ি এলাকায় পানি জমে থাকায় শিক্ষার্থীদের কাদা ও জমে থাকা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। একই সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলেও চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও নালা উদ্ধার কিংবা পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বৃষ্টির মৌসুম এলেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে দখল ও ভরাট করা নালা দ্রুত উদ্ধার করে পূর্বের প্রস্থ ফিরিয়ে আনা, পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং কালীবাড়ি এলাকার জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।