নবীগঞ্জে ভূমি দখলের অভিযোগে দুই সহোদর কারাগারে

হবিগঞ্জের নবীগঞ্জে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির পারিবারিক জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দুই সহোদরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

কারাগারে পাঠানো দুজন হলেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন (৪৫) ও তাঁর ভাই মো. নূর হোসেন (৪০)। মামলার বাদীপক্ষের দাবি, আলী হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী।

মামলার নথি ও বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আদিল হোসেনের পরিবারের মালিকানাধীন ইলিমপুর মৌজার একটি জমি দখল করে অন্য একটি বাড়ির জন্য রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক যুগ ধরে মামলা–মোকদ্দমা চলে। পরে বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তি হলেও সম্প্রতি আবারও ওই জমি দখলের চেষ্টা এবং এডিএম আদালতে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে।

এ ঘটনায় আদিল হোসেনের বোন মোছা. ডলি হোসাইন ভূমি প্রতিরোধ আইনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ মামলা করেন (সিআর নং-৩০৫/২০২৬)। সেই মামলায় হাজিরা দিতে গেলে আদালত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী ডলি হোসাইনের দাবি, এটি তাঁদের পারিবারিক মৌরসি সম্পত্তি। অভিযুক্তরা অন্যের স্বার্থে তাঁদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও তাঁদের জমি দখলের জন্য আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভূমির মালিক আদিল হোসেন বলেন, তাঁর জমিতে পাকা ঘর রয়েছে। সেই ঘর ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল বলেই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছাদিকুর রহমান বলেন, জমি দখলের উদ্দেশ্যে বাদীপক্ষকে হয়রানি করা হচ্ছিল। পরে ভূমি প্রতিরোধ আইনে মামলা হলে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।