কোম্পানীগঞ্জে ভারতীয় মাদকসহ মোটরসাইকেল জব্দ, মাদক কারবারি আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর-রনিখাই ইউনিয়নের বনপুর বিজয়পাড়ুয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রওশন আলী।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান-এর নির্দেশনায় পিএসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে রওশন আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় মদ সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।