উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান গণমাধ্যমকে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে। এছাড়া শিক্ষার্থীসহ ২০ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।