কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লিটন মাহমুদ ও রুহুল আমীন রুহান।

এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।