এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ স্বীকৃতি পেলেন শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম

এজাহারভুক্ত এক আসামিকে সফল অভিযানে গ্রেপ্তার করে সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) শফিকুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট’ এবং বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার মামলা নম্বর-১৩ (তারিখ: ৯ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত ৪ নম্বর আসামি সোলেমান মিয়াকে সফল অভিযানের মাধ্যমে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম। অভিযানে তাঁর সাহস, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘স্পেশাল রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত সম্মাননাপত্রে শফিকুল ইসলামের কর্মদক্ষতার প্রশংসা করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্বের এমন স্বীকৃতি বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।