বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোডে সোমবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী গরু ও ছাগলের হাট। এ হাট চলবে টানা শুক্রবার (৬ জুন) পর্যন্ত ও ঈদের দিন ভোর পর্যন্তও খোলা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদিঘী রোডের এ হাটে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় নানা আকৃতির গরু ও ছাগল নিয়ে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে এবার হাটের অন্যতম আকর্ষণ হচ্ছে হাসিলের হার- প্রতি লাখ টাকায় মাত্র ১,০০০ টাকা নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ, যা গরু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সন্তোষের সৃষ্টি করেছে।
বাজারের ইজারাদার আলহাজ্ব আজিজুর রহমান (দুলাল হাজি) জানান, ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করেই এ বছর হাসিল কম রাখা হয়েছে। এতে সবাই লাভবান হবেন, এবং বাজারও আরও প্রাণবন্ত হবে বলে আমরা আশাবাদী।
ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে পৌঁছাতে শুরু করেছেন। অনেকেই ইজারাদারের সঙ্গে যোগাযোগ করে হাসিল সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। খামারিরা জানিয়েছেন, এ বছর গরুর দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকবে, যাতে সাধারণ ক্রেতারাও উপকৃত হন।
স্থানীয় ক্রেতা-বিক্রেতারা জানান, এমন উদ্যোগ হাটে আরও লোকসমাগম বাড়াবে এবং ঈদের আগে গরু কেনাবেচায় সবার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। অনেকেই আশা করছেন, এবার শ্রীমঙ্গলের গরুর হাট পূর্বের যেকোনো সময়ের চেয়ে জমজমাট ও সফল হবে।
শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে হাটে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। হাটজুড়ে নজরদারি চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং থাকবে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ।
গরু-ছাগলের এই হাট ঈদুল আযহার অন্যতম প্রস্তুতির অংশ হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে। বেচাকেনার পাশাপাশি ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com