বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা। আটক ব্যক্তি জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা মৃত দেবেন্দ্র মল্লিক এর ছেলে যুগেন্দ্র মল্লিক।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২১ মে) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা ও এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান। অভিযানে অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
আটকের পর যুগেন্দ্র মল্লিকের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির গোয়ালঘরে খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল রূপি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাল নোট বাংলাদেশি জাল টাকা: মোট ২,৭৭,২০০/- (দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশত) টাকা।
ভারতীয় জাল রূপি: মোট ৩,৯০০/- (তিন হাজার নয়শত) রূপি।মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল (SYMPHONY L46)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে জড়িত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করছিল। বিশেষ করে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে পশুর হাটে এসব জাল নোট ছড়ানোর পরিকল্পনা ছিল তার।
ডিবি সূত্রে আরও জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে জাল টাকার মামলা রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল এলাকা থেকে তাকে প্রায় ৭০ লক্ষ টাকার জাল বাংলাদেশি নোট এবং ১৪ লক্ষ টাকার ভারতীয় জাল রূপিসহ র্যাব গ্রেফতার করেছিল।
এবারের ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-A(b) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com