একটি পরিবার, একটি স্বপ্ন, আর এক বুক ভালোবাসা নিয়ে প্রবাস থেকে বাড়ি ফেরা—এই ছিল যাত্রার উদ্দেশ্য। ওমান থেকে ফিরছিলেন পরিবারের প্রিয়জন, বিমানবন্দরে উচ্ছ্বাসে মুখরিত ছবি, ক্যাপশনে লেখা ছিল:
"স্বপ্ন যাবে বাড়ি আমার।"
কিন্তু কে জানতো সেই স্বপ্নই হবে ভয়ংকর এক দুঃস্বপ্নের সূচনা?
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। এক ঝটকায় নিভে গেল একই পরিবারের সাতজন প্রাণ। এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং গোটা জাতির জন্য এক হৃদয়বিদারক ট্র্যাজেডি, এক করুণ সতর্কবার্তা। আজ বাংলাদেশে সড়কে নামা মানেই যেন জীবনের ঝুঁকি নিয়ে চলা। প্রতিদিনের খবরে চোখ রাখলেই দেখা যায়—কোথাও বাস উল্টে প্রাণ গেল স্কুলপড়ুয়া শিশুর, কোথাও আবার বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভে গেল নবদম্পতির সংসারের স্বপ্ন। এই অব্যবস্থাপনার, এই বেদনাদায়ক মৃত্যুগুলোর দায়ভার আসলে কার?
একটা সভ্য রাষ্ট্রে মানুষ যখন বিমান থেকে নেমে নিরাপদে বাড়ি ফিরবে, সেটাই তো স্বাভাবিক প্রত্যাশা। অথচ আমাদের দেশে সেই পথটাই সবচেয়ে অনিরাপদ। চালকদের অদক্ষতা, ট্রাফিক আইনের অনুশাসনের অভাব, লাইসেন্সহীন যানবাহনের দৌরাত্ম্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা—সবকিছু মিলে বাংলাদেশের সড়ক যেন একটি মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাগুলো আমাদের কেবল ব্যথিত করে না, আমাদের বিবেককে নাড়া দেয়।
আর কত প্রাণ হারালে আমরা জাগব?
আর কত পরিবার ভেঙে গেলে ব্যবস্থা নেওয়া হবে?
আর কত স্বপ্ন থেমে গেলে আমরা বলব—"এবার যথেষ্ট!"
আমরা চাই:
• নিরাপদ সড়ক,
• আইনের কঠোর প্রয়োগ,
• ড্রাইভিং লাইসেন্স পদ্ধতির সংস্কার,
• পর্যাপ্ত রোড সাইন, ব্রিজ, স্পিড ব্রেকার এবং সিসিটিভি নজরদারি,
• দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স সার্ভিস,
• আর সচেতন চালক ও যাত্রী সমাজ।
এবার সময় এসেছে এই দাবিগুলোকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপে রূপান্তরিত করার। একটি দুর্ঘটনা শতজনের জীবন তছনছ করে দিতে পারে। সেই পরিবারের আর্তনাদ আমাদের বিবেককে স্পর্শ করুক, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাক, আমাদের নীতিনির্ধারকদের ঘুম ভাঙাক।
আল্লাহ সেই পরিবারের সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
আর যারা বেঁচে আছেন—তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
নিরাপদ সড়ক চাই—এটা এখন কেবল একটি দাবি নয়, এটা এখন একটি জাতীয় প্রয়োজন।
লেখকঃ শাহাবুদ্দিন শুভ, ahmedshuvo@gmail.com
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com