সিলেটের কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত এ ড্রিল সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ও সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
মহড়ার অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ড থেকে একটি বৃহৎ পুলিশ বহর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও চেকপোস্টে অবস্থান নিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ ধরনের মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রস্তুতির বাস্তব চিত্র মূল্যায়ন করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, মনোবল ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মহড়ায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) সুজন কর্মকার, সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাসসহ থানার এসআই, এএসআই এবং শতাধিক পুলিশ সদস্য।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যতই প্রভাবশালী বা শক্তিশালী হোক না কেন, আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের মহড়া জনমনে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com