ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের পাশে এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই উদ্ধার করা হয় এক ব্যক্তির মরদেহ। মৃত ব্যক্তির সাথে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে নাম রুহুল আমিন বলে জানা গেলেও, এটি তারই পরিচয়পত্র কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তামাবিল হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহের পাশেই পড়ে থাকা সিলেট-মোট্রো-ল-১২-২১৫৪ নম্বরের মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এটি একটি সড়ক দুর্ঘটনার ফলাফল। পুলিশের মতে, কোনো অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য তার সাথে থাকা পরিচয়পত্রটি যাচাই করা হচ্ছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com